চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার হাশিমপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই সমাবেশের আয়োজন করেন। সমাবেশে বক্তারা বলেন, সাইফুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে। তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান এবং ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, সম্প্রতি সাতকানিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সাইফুল ইসলামসহ চারজনকে আসামি করা হয়। মামলার বাদী ঠিকাদার মো. আব্দুল কাদের সিকদার। এজাহারে অভিযোগ করা হয়, আসামিরা কালিয়াইশ এলাকায় চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের কার্যালয়ের সামনে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিল এবং ভাঙচুরে অংশ নেন। তবে আসামিপক্ষ ও স্থানীয় কয়েকজনের দাবি, ওই স্থানে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। মামলাটি বর্তমানে তদন্তাধীন বলে পুলিশ জানিয়েছে। সমাবেশে বক্তারা আরও বলেন, “সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে এ ধরনের মামলা দিয়ে হয়রানি করা হলে নেতাকর্মীরা তা মেনে নেবে না।” তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং সাইফুলসহ বাকী তিনজনের মামলা প্রত্যাহারের দাবি জানান। সমাবেশে হাশিমপুর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।