চাকরির শেষ প্রান্তে এসেও সততা, নিষ্ঠা আর হাসিমুখের সেবায় অনন্য এক নজির স্থাপন করেছেন নওগাঁর ধামইরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক মো. আব্দুল বারী মন্ডল (চেয়ারে বসা) । দাপ্তরিক কাজের হাজারো চাপ ও ব্যস্ততার মাঝেও সেবাগ্রহীতাদের প্রতি তাঁর আন্তরিকতা ও অমায়িক আচরণ ইতিমধ্যে পুরো উপজেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
গত বছরের ২ মে ধামইরহাট উপজেলা শিক্ষা অফিসে যোগদানের পর থেকেই তিনি সততা ও পেশাদারিত্বের ছাপ রেখে চলেছেন। এর আগে তিনি মহাদেবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে দীর্ঘকাল সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। চাকরিতে আর মাত্র চার বছর মেয়াদ বাকি থাকলেও কাজের প্রতি তাঁর স্পৃহা ও নিষ্ঠায় বিন্দুমাত্র ভাটা পড়েনি।
শিক্ষা অফিস সংশ্লিষ্ট ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ কর্মজীবনে তাঁর চরিত্রে কখনো রাগ কিংবা অহংকার দেখা যায়নি। সর্বদা হাসিমুখে সেবাগ্রহীতাদের ফাইলপত্র ও দাপ্তরিক কাজ সমাধান করায় তিনি সহকর্মী ও সাধারণ মানুষের মাঝে এক শ্রদ্ধেয় ও জনপ্রিয় ব্যক্তিতে পরিণত হয়েছেন।
ব্যক্তিগত জীবনে তিনি নওগাঁর মহাদেবপুর পৌরসভার কায়স্তপাড়া মহল্লার মৃত সাবের উদ্দিন মন্ডল ও মৃত জুলেখা বেগম দম্পতির জ্যেষ্ঠ সন্তান। পারিবারিক জীবনে তিনি দুই সন্তানের জনক; তাঁর বড় ছেলে বর্তমানে অনার্স তৃতীয় বর্ষে এবং মেয়ে নবম শ্রেণিতে অধ্যয়নরত রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, মো. আব্দুল বারী মন্ডলের মতো সৎ ও দায়িত্বশীল কর্মকর্তারা সরকারি দপ্তরে জনসেবার মান বাড়িয়ে সাধারণ মানুষের আস্থা অর্জনে বড় ভূমিকা পালন করেন।