মার্কিন যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোর জরুরি বিভাগে ভর্তির অনুমোদন পাওয়ার পরও সাধারণ ওয়ার্ডে শয্যা না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা, এমনকি দিনের পর দিন আটকে থাকতে হচ্ছে রোগীদের। চিকিৎসাশাস্ত্রের ভাষায় ‘বোর্ডিং’ নামে পরিচিত এই সংকট গত এক দশকে ভয়াবহ আকার ধারণ করেছে এবং সামনের দিনগুলোতে তা আরও তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং স্বাস্থ্যবিষয়ক সাময়িকী ‘হেলথ অ্যাফেয়ার্স’-এ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।
পরিসংখ্যানে ভয়াবহ চিত্র
গবেষণার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে জরুরি বিভাগ থেকে ভর্তির সিদ্ধান্ত হওয়া প্রতি চারজন রোগীর মধ্যে একজনকে ওয়ার্ডে শয্যা পাওয়ার জন্য অন্তত চার ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। অথচ ২০১৭ সালের সেপ্টেম্বরে এই হার ছিল প্রতি আটজনে একজন।
এর চেয়েও উদ্বেগের বিষয় হলো, দীর্ঘ সময় অপেক্ষার হার। ২০১৭ সালের তুলনায় ২০২৪ সালে জরুরি বিভাগে অন্তত ২৪ ঘণ্টা বা তার বেশি সময় শয্যার জন্য আটকে থাকা রোগীর হার তিন গুণ বেড়েছে।
গবেষণাটির সহ-লেখক এবং মিশিগান ইউনিভার্সিটি মেডিকেল স্কুলের জরুরি বিভাগের চিকিৎসক ও সহকারী অধ্যাপক ড. আলেকজান্ডার জ্যাঙ্কে পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমান পরিস্থিতি অনেক বেশি খারাপ এবং সামনে এটি আরও অবনতির দিকেই যাচ্ছে।’
সাধারণত হাসপাতালের জরুরি বিভাগগুলো তৈরি করা হয় রোগীদের প্রাথমিক মূল্যায়ন ও জরুরি চিকিৎসা দেওয়ার জন্য, যাতে প্রয়োজন অনুযায়ী দ্রুত তাদের বিশেষায়িত ওয়ার্ডে স্থানান্তর করা যায়। কিন্তু যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে অতিরিক্ত রোগীর চাপ ও শয্যাসংকটের কারণে জরুরি বিভাগগুলো এখন কার্যত ‘মেডিকেল ওয়েটিং রুমে’ পরিণত হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ওয়ার্ডে স্থানান্তর না হওয়ায় রোগীরা সংশ্লিষ্ট রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, যা তাদের শারীরিক অবস্থাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে।
সূত্র : দ্যা ওয়াল স্ট্রিট জার্নাল