গাইবান্ধায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের জীবনযাত্রার মান, আবাসন পরিবেশ ও সার্বিক সুযোগ-সুবিধা সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন গাইবান্ধার জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান। একই সঙ্গে প্রকল্প এলাকায় সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৮ নম্বর ভাতগ্রাম ইউনিয়নের সাগরের দিঘি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক এসব কার্যক্রম পরিচালনা করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রকল্পের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং সেখানে বসবাসরত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলেন। তাঁদের দৈনন্দিন জীবনযাপন, বিদ্যমান সমস্যা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজ নেন তিনি। এ সময় বাসিন্দাদের জীবনমান উন্নয়নে সরকারি সহায়তা ও প্রশাসনিক তৎপরতার বিষয়েও গুরুত্ব দেন জেলা প্রশাসক।