
মাদক, অপরাধ দমন ও জনসেবায় পেশাদারিত্বের ওপর জোর—অপরাধ পর্যালোচনা সভায় নানা দিকনির্দেশনা
নাটোরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকর ও জনবান্ধব করতে কঠোর নির্দেশনা দিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। মাদকদ্রব্য উদ্ধার, অপরাধীদের গ্রেপ্তার, ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, দ্রুত তদন্ত এবং সাধারণ মানুষকে মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি।
রোববার (২০ সেপ্টেম্বর) জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা এবং পরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আগস্ট ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।
কল্যাণ সভায় পুলিশ সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত সমস্যার কথা গুরুত্ব দিয়ে শোনেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। তাৎক্ষণিক সমাধানযোগ্য বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়ার পাশাপাশি অন্যান্য সমস্যা ধাপে ধাপে সমাধানের আশ্বাস দেন তিনি। একইসঙ্গে ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, মাদক উদ্ধার, আসামি গ্রেপ্তার ও বিভিন্ন কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।
অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধচিত্র উপস্থাপন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইফতে খায়ের আলম। সভায় মামলা দ্রুত রুজু, তদন্ত কার্যক্রম ত্বরান্বিত করা, মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গোয়েন্দা কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, জনগণের নিরাপত্তা ও আস্থা অর্জনই পুলিশের মূল দায়িত্ব। এজন্য সকল ইউনিট ও থানার কর্মকর্তাদের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।
সভায় বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোরসহ জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জসহ জেলার সকল থানা, জেলা গোয়েন্দা শাখা ও অন্যান্য ইউনিটের কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধ দমন ও জনসেবার ক্ষেত্রে মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার মাধ্যমে নাটোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখাই এ কর্মপরিকল্পনার অন্যতম লক্ষ্য।
মোঃ সুজন মাহমুদ 



















