
-
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় চোর চক্রের উপদ্রব আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। রাতের আঁধারে একের পর এক চুরির ঘটনায় এলাকাবাসীর রাতের ঘুম হারাম হয়ে গেছে। উপজেলার ৮ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভা এলাকায় রাতের বেলা চোরদের হানা ও আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে জানা যায়, ইদানীং চন্দনাইশের ৮টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার মধ্যে দোহাজারী পৌরসভা এলাকায় রাতে বসতবাড়ি ও দোকানপাটে চুরির ঘটনা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। গভীর রাতে সীড/ টিন কেটে, ঘরের তালা ভেঙে কিংবা জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও দামি আসবাবপত্র, বিদ্যুৎতে তার কেটে নিয়ে চম্পট দিচ্ছে সংঘবদ্ধ চোর চক্র। অনেক এলাকায় রাতের নির্দিষ্ট সময়ে পাহারা বসানো হলেও চোরদের চতুর কৌশল ও বেপরোয়া আচরণে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভুক্তভোগীরা জানান, সারাদিন পরিশ্রমের পর রাতে একটু শান্তির ঘুমের সুযোগ থাকলেও চোরের ভয়ে এখন নির্ঘুম পাহারা দিতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও প্রবীণরা গভীর আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। চোর চক্রের ভয়ে অনেক এলাকায় রাতের বেলা মানুষের চলাফেরা এবং ঘরের বাইরে বের হওয়া প্রায় বন্ধ হয়ে যাচ্ছে । এলাকাবাসীর অভিযোগ, সংঘবদ্ধ এই চোর চক্রের মূল হোতাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। তাই চন্দনাইশ উপজেলার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাতের টহল পুলিশি নজরদারি আরও জোরদার করতে সংশ্লিষ্ট থানা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
নয়ন দাশ 






















