
দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ
নাটোরের গুরুদাসপুরে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুমারখালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কুমারখালী গ্রামের সাইফুল ইসলাম ও ময়লালের মধ্যে এওয়াজ-বদল একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে।
শনিবার ময়লাল তার দখলে থাকা জমিতে বেড়া দেওয়ার কাজ করছিলেন। এ সময় সাইফুল ইসলাম ও তার স্বজনরা সেখানে গিয়ে কাজে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর জেনারেল হাসপাতালে পাঠান।
খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে সংঘর্ষ আর ছড়িয়ে পড়েনি বলে স্থানীয়রা জানান।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, “জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে। কোনো পক্ষ অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি বলে জানিয়েছে পুলিশ।
মোঃ সুজন মাহমুদ 






















