
বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতায় আয়োজিত ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর গ্র্যান্ড ফাইনাল, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান ৪ অক্টোবর ২০২৬, রবিবার বিকেলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
পুরুষ বিভাগের ফাইনালে বান্দরবান সদর উপজেলা দল ১–০ গোলে আলীকদম উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
নারী বিভাগে থানচি উপজেলা নারী দল চ্যাম্পিয়ন এবং বান্দরবান সদর উপজেলা নারী দল রানার্সআপ হয়। পুরুষ বিভাগে আলীকদম উপজেলা দল রানার্সআপ হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি, রিজিয়ন কমান্ডার, বান্দরবান রিজিয়ন ও কমান্ডার, ৬৯ পদাতিক ব্রিগেড, বান্দরবান।
এ সময় উপস্থিত ছিলেন কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, বিএসপি, বিজিবি সেক্টর কমান্ডার; বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান মিজ ম্যামাচিং; সাবেক চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই; লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি, ভারপ্রাপ্ত জোন কমান্ডার, বান্দরবান সদর জোন; মোঃ সানিউল ফেরদৌস, জেলা প্রশাসক; মেজর পারভেজ রহমান, জিএসও-২, বান্দরবান রিজিয়ন; অরূপ রতন পাল, জেলা আনসার কমান্ড্যান্ট; মোঃ ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি); জসিম উদ্দিন তুষার, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ; বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু; মোঃ রেজাউল করিম, জেলা ক্রীড়া অফিসার এবং আজহারুল ইসলাম বাবুল, সভাপতি, বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ।
নারী বিভাগে সেরা গোলকিপার রিংকি মারমা, সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা মাপ্রুচিং মারমা এবং ম্যান অব দ্য ম্যাচ দীপা চাকমা নির্বাচিত হন। পুরুষ বিভাগে সেরা গোলকিপার ইমন বড়ুয়া এবং সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও ম্যান অব দ্য ম্যাচ মোঃ জাফর নির্বাচিত হন।
টুর্নামেন্টে খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য ও দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়েছে।
গ্র্যান্ড ফাইনাল, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয় ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।
মুহাম্মদ আকাশ 























