
নওগাঁর মান্দায় খেলার মাঠের স্থায়ী সমাধান ও খেলাধুলার উপযুক্ত পরিবেশের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থীরা। বিক্ষোভকালে বিদ্যালয়ের সামনে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় তারা। আজ রোববার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বিলকরিল্যা বিএম উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, বিদ্যালয়সংলগ্ন একটি নিচু জমিতে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা খেলাধুলা করে আসছিল। তবে জমিটি নিচু হওয়ায় বর্ষাকালে পানি জমে বছরের একটি বড় সময় তা খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে। সম্প্রতি জমিটির একাংশের মালিক মোঃ নজরুল ইসলাম মন্ডল মাঠের জমি বিক্রি করার কথা জানিয়েও পরবর্তীতে তালবাহানা শুরু করেন এবং অতিরিক্ত দাম দাবি করেন। একপর্যায়ে তিনি আইল দিয়ে জায়গাটি দখলে নিলে শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ চরমভাবে সীমিত হয়ে পড়ে।
এ বিষয়ে নজরুল ইসলাম মন্ডল এর কথা বলতে গেলে তিনি এড়িয়ে যান।
আন্দোলনরত শিক্ষার্থী ও স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্টের আগে বিদ্যালয়ে ৫টি নিয়োগের মাধ্যমে সংগৃহীত প্রায় ৮০ লক্ষ টাকা মাঠ বৃদ্ধি করণ, ভরাট ও বিদ্যালয়ের অন্যান্য সংস্কার কাজের জন্য প্রধান শিক্ষক প্রবোধ কুমার দাস এবং পরিচালনা কমিটির কাছে রাখা হয়। দীর্ঘদিন ধরে খেলার মাঠের স্থায়ী সমাধানের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) প্রধান শিক্ষক অবসরে যাচ্ছেন। অবসরে যাওয়ার আগে মাঠ সমস্যার সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে তারা ক্লাস বর্জন করে আন্দোলনে নেমেছে। স্থায়ী মাঠের ব্যবস্থা ও খেলার পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
ঘটনার সময় প্রধান শিক্ষক প্রবোধ কুমার দাস বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না। এ বিষয়ে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
বিক্ষোভের খবর পেয়ে বিদ্যালয়ের অস্থায়ী কমিটির সভাপতি ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তিনি শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক উল্লেখ করে বলেন, “সমস্যা সমাধানের লক্ষ্যে তিনজন শিক্ষক ও পাঁচজন শিক্ষার্থীর সমন্বয়ে আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। জমির মালিক ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা করে দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এছাড়া নিয়োগের টাকার বিষয়ে সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
মোঃ সোহানুর রহমান 





















