
যোগদানের পর নিজের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়নে মাঠে সক্রিয় থেকে নলডাঙ্গা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে দৃশ্যমান ভূমিকা রাখছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনোয়ার জাহান। মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যাকে গুরুত্ব দিয়ে দেখায় স্থানীয়দের মধ্যে তার প্রতি তৈরি হয়েছে ইতিবাচক আস্থা ও প্রশংসা।
গত ১ সেপ্টেম্বর নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণের পর এক ফেসবুক পোস্টে ওসি মনোয়ার জাহান জানিয়েছিলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে তার অন্যতম প্রধান লক্ষ্য। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, বাল্যবিবাহসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছিলেন তিনি।
দায়িত্ব গ্রহণের পর থেকেই সেই বক্তব্যের সঙ্গে সামঞ্জস্য রেখে মাঠপর্যায়ে তৎপরতা বাড়িয়েছেন ওসি মনোয়ার জাহান। বিশেষ করে মাদকবিরোধী অভিযান ও অপরাধ নিয়ন্ত্রণে তার কঠোর অবস্থান ইতোমধ্যে স্থানীয়দের নজর কেড়েছে। অপরাধীদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও প্রয়োজনীয় পুলিশি সহায়তা দেওয়ার কারণে নলডাঙ্গা থানায় জনবান্ধব পুলিশিংয়ের একটি ইতিবাচক পরিবেশ তৈরি হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
মাদকবিরোধী অভিযানের বিষয়ে ওসি মোঃ মনোয়ার জাহান বলেন, “মাননীয় পুলিশ সুপার, নাটোর মহোদয়ের দিকনির্দেশনায় নলডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করছে। প্রতিদিনই নলডাঙ্গা থানা পুলিশের একটি টিম বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের মির্জাপুর দিয়ার, মমিনপুরসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। মাদক ও অপরাধ নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”
এরই মধ্যে মাদকবিরোধী অভিযান জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় গত ২১ সেপ্টেম্বর নাটোর জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে ওসি মোঃ মনোয়ার জাহানকে আর্থিক পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার গ্রহণের পর তিনি নলডাঙ্গা থানা পুলিশের সদস্যদের ধন্যবাদ জানান।
স্থানীয়দের ভাষ্য, দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই অপরাধ দমনে ওসি মনোয়ার জাহানের সক্রিয়তা সাধারণ মানুষের মধ্যে আশার সৃষ্টি করেছে। অপরাধীদের কাছে তিনি যেন কঠোরতার প্রতীক হয়ে উঠেছেন, অন্যদিকে সাধারণ মানুষের কাছে হয়ে উঠছেন সহযোগিতা ও নিরাপত্তার আশ্রয়স্থল।
সচেতন নাগরিকদের মতে, একজন পুলিশ কর্মকর্তার সফলতা শুধু অপরাধী গ্রেপ্তার বা অভিযান পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়; সাধারণ মানুষের আস্থা অর্জন এবং আইনশৃঙ্খলা রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করাও গুরুত্বপূর্ণ। সেই জায়গায় ওসি মনোয়ার জাহানের কার্যক্রম ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করছে বলে মনে করছেন তারা।
নলডাঙ্গাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ, ইভটিজিং ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে তার কঠোর অবস্থান অব্যাহত থাকবে। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য ন্যায়সংগত, নিরপেক্ষ ও মানবিক পুলিশি সেবা নিশ্চিত করে নলডাঙ্গা থানাকে আরও জনবান্ধব ও আস্থার প্রতিষ্ঠানে পরিণত করবেন তিনি।
অপরাধীদের বিরুদ্ধে কঠোরতা আর সাধারণ মানুষের প্রতি মানবিকতা—এই দুইয়ের সমন্বয়ে ওসি মনোয়ার জাহানের নেতৃত্বে নলডাঙ্গা থানার কার্যক্রম স্থানীয়দের মধ্যে ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে।
মোঃ সুজন মাহমুদ 






















