
পাবনার সাঁথিয়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ লিটন মোল্লা (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) দুপুর ২টা ১০ মিনিটের দিকে সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নতুন ভবনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার সাধারণ ডায়েরি নং-২৭, তারিখ ৩ নভেম্বর ২০২৬-এর সূত্র ধরে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশের চৌকস দল লিটন মোল্লাকে আটক করে।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ডান পাশের নিচের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত লিটন মোল্লা সাঁথিয়া উপজেলার বিষ্ণুবাড়ীয়া গ্রামের মোঃ আবু হানিফ মোল্লার ছেলে। তার মায়ের নাম মোছাঃ চাম্পা খাতুন।
ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি উদ্ধারকৃত ইয়াবা নিজ হেফাজতে রেখে দীর্ঘদিন ধরে সাঁথিয়াসহ আশপাশের এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিল বলে জানিয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারা অনুযায়ী সাঁথিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আলমগীর কবীর হৃদয় 






















