
বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার ৬৩০ পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। হংকং স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন সরকারের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস) ও হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের উদ্যোগে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
এদিন বান্দরবানের জামছড়ি ইউনিয়নের বাঘমারা হেডম্যান পাড়া ও কুহালং ইউনিয়নের কুহালং হেডম্যান পাড়ায় আরও ৪৫৫টি বন্যাকবলিত পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকেরা জানান, এ প্রকল্পের আওতায় বান্দরবান সদর উপজেলায় ৪ হাজার ৬৩০টি এবং রোয়াংছড়ি উপজেলায় ১ হাজার পরিবারসহ মোট ৫ হাজার ৬৩০টি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পর্যায়ক্রমে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সোনিয়া আফরোজ। এ সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বান্দরবান এরিয়া কো-অর্ডিনেশন অফিসের এপি ম্যানেজার জনি আব্রাহাম রেজারিও, ডব্লিউআরএম ম্যানেজার কাজী গোলাম মুর্তজা এবং গ্রাউসের ডেপুটি ডিরেক্টর চিন্ময় মুরুং ও প্রোগ্রাম অফিসার উসাইমং মারমাসহ সংশ্লিষ্ট সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা আরও জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব এবং স্বাস্থ্যঝুঁকি কমাতে এ মানবিক সহায়তা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলার তালিকাভুক্ত সব পরিবারের কাছে এসব সহায়তা পৌঁছে দেওয়া হবে।
মুহাম্মাদ আকাশ 
























