
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতির অভিযোগে পটুয়াখালীর দশমিনায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তি হলেন বেতাগী সানকিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. ইদ্রিস আহমেদ ভূঁইয়া (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে বেতাগী সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী বাজারে ইদ্রিস আহমেদ ভূঁইয়ার বাসভবনে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে প্রস্তুতি চলছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্লোগান দিয়ে ঘটনাস্থল থেকে সরে যান।
এ সময় ঘটনাস্থল থেকে শেখ হাসিনার জন্মদিন ও দোয়া মিলাদ উপলক্ষে তৈরি একটি ব্যানার জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) গোবিন্দ্র চন্দ্র বাদী হয়ে মামলাটি করেন।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, “নিষিদ্ধ সংগঠনের ষড়যন্ত্রমূলক কার্যক্রমের ঘটনায় প্রধান আসামি ইদ্রিস আহমেদ ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
এম.নুরনবী, 


















