
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার দক্ষিণ ডুমুরিয়া
গ্রামে অভিযান চালিয়ে দুই ব্যক্তির বাড়ি থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আশিক শেখ (৪০) ও অহিদুল ইসলাম শেখ (২৪) নামে দুজনকে আসামি করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দক্ষিণ ডুমুরিয়া গ্রামে তাঁদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আশিক শেখ দক্ষিণ ডুমুরিয়া গ্রামের বালা শেখের ছেলে। অপর ব্যক্তি অহিদুল ইসলাম শেখ একই গ্রামের নুরুল ইসলাম শেখের ছেলে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বক্তব্য গ্রহণ ও মামলার প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হবে।
মোঃ মনিরুজ্জামান চৌধুরী 




















