
নওগাঁ সদরে সরকারি কোনো আদেশ, নোটিশ কিংবা প্রশাসনের অনুমতি ছাড়াই মো. হারুন আলী নামের এক অসহায় ভূমিহীন ব্যক্তির বসতবাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কতিপয় নেতাকর্মীর বিরুদ্ধে। শুধু ঘরবাড়ি ভাঙচুরই নয়, ঘরের আসবাবপত্র ও মালামাল তছনছ করে পরিবারটিকে ভিটেমাটি ছাড়া করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ৩১ অক্টোবর দুপুর সাড়ে ১২ টায় সদর উপজেলার ভীমপুর এলাকায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রতিকার এবং জড়িতদের শাস্তির দাবি জানিয়ে ভুক্তভোগী ভূমিহীন হারুন আলী (পিতা: মো. সিরাজ আলী) বাদী হয়ে গত ২ নভেম্বর নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্র জানা যায়, দীর্ঘদিন ধরে খালের পাড়ের সরকারি জমিতে ঘরবাড়ি বানিয়ে বসবাস করে আসছিলেন হারুন আলী। ঘটনার দিন তিনি বাড়িতে না থাকার সুযোগে কতিপয় ব্যক্তি সেখানে অনধিকার প্রবেশ করে তার টিনের বেড়া ও ছাপড়া ভেঙে তছনছ করে দেয়। পরবর্তী সময়ে তিনি ফিরে এসে বিষয়টির প্রতিবাদ করলে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের জানালে অভিযুক্তরা তাকে ওই স্থানে আর ঘর তুলতে দেওয়া হবে না বলে হুমকি দেন এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন। বর্তমানে তিনি পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ও মানবেতর জীবনযাপন করছেন।
অভিযোগপত্রে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন- মো. সোহেল রানা, মো. আশরাফুল ইসলাম সোনার, মো. রিফাত এবং মো. কামাল হোসেন। এদের মধ্যে সোহেল রানা হাসাইগাড়ী ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আশরাফুল ইসলাম সোনার ইউনিয়ন যুবদলের সাবেক ওয়ার্ড সভাপতি হিসেবে পরিচিত।
এ বিষয়ে অভিযুক্ত সোহেল রানার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, হাসাইগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক তসলিম উদ্দিনের নির্দেশেই ওই ভূমিহীনকে উচ্ছেদ করা হয়েছে এবং সেখানে একটি ‘যাত্রী ছাউনি’ নির্মাণ করা হবে।
তবে এর সম্পূর্ণ বিপরীত বক্তব্য দিয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন। তিনি দাবি করেন, সেখানে যাত্রী ছাউনি নয়, বরং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অফিস থেকে বরাদ্দকৃত বর্জ্য ফেলার স্থান করা হবে এবং স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধিরা এসে জায়গাটি পরিদর্শন করে গেছেন এবং ওই খাস জমিতে বসবাস করা ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করার নির্দেশ দিয়েছেন।
এদিকে স্থানীয় বিএনপি নেতাদের এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এ বিষয়ে দৈনিক গণকণ্ঠের প্রতিনিধিকে নওগাঁ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মাহবুবুর আলম জানান, উক্ত স্থানে বর্জ্য ফেলার জায়গা বা যাত্রী ছাউনি সংক্রান্ত আমাদের কোনো ধরনের প্রকল্প বা বরাদ্দ নেই। সরকারি নিয়মে এ ধরনের কোনো প্রকল্প বাস্তবায়নের কথা থাকলে তা প্রশাসন বা আমাদের দপ্তরের জানবার কথা। এ বিষয়ে আমরা কিছুই জানি না।
আইন বিশেষজ্ঞরা বলছেন, প্রচলিত ভূমি আইন অনুযায়ী সরকারি বা খাস জমি থেকে কোনো ভূমিহীন বা বসবাসকারীকে উচ্ছেদ করতে হলে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া ও প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু কোনো ধরনের প্রাতিষ্ঠানিক নির্দেশিকা ছাড়াই রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও প্রশাসনের নাম ভাঙিয়ে এ ধরনের ভাঙচুর আইন নিজের হাতে তুলে নেওয়ার শামিল।
এ বিষয়ে দৈনিক গণকণ্ঠের প্রতিনিধিকে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল আমিন বলেন, বিষয়টি নিয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে; ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দ্রুত এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ভুক্তভোগী পরিবারটির নিরাপত্তা নিশ্চিতসহ দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী।
Note: এই নিউজ টি করার জন্য সকল কে অনুরোধ করা হলো, ভূমিহীন গরিব মানুষ তাই মানবিক দিক থেকে হলে ও নিউজ করা।
মোঃ ফারুক 






















